ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন তাঁদের সাক্ষ্য নেন। সাক্ষীদের আসামিপক্ষের জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।গতকাল সাক্ষ্য দেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ এম এম রহমান, দায়িত্বরত কর্মকর্তা মতিয়ার রহমান, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) কর্মী মো. রিপন ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কাজী রবিউল হক। এ নিয়ে গতকাল পর্যন্ত এ মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।এ মামলার পাঁচ আসামির মধ্যে কারাগারে আটক সাইফুল ইসলাম, মো. আল আমিন, আকবর আলী ও রফিকুল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁদের পক্ষে আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। অপর আসামি সেলিম চৌধুরী পলাতক রয়েছেন।আদালত গত ৩১ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করেন। ৫ মার্চ দিবাগত রাত একটার দিকে গুলশানে কূটনীতিক এলাকায় নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।