ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৮ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এ দিন ধার্য করেন।
গতকাল মামলার জব্দ তালিকার সাক্ষী মোস্তফা, আকরাম হোসেন ও আবদুল মান্নান আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের তিনজনকে জেরা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান বলেন, সাক্ষ্য দেওয়া তিনজন জব্দ তালিকার সাক্ষী।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত বছর ২৯ জানুয়ারি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।