নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আরও তিনজন সাক্ষী দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাঁদের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে এই মামলায় চারজন সাক্ষ্য দিলেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রতিবেশী দুই ভাই তসলিম ও তুহিন এবং একই বাড়ির চতুর্থ তলার ভাড়াটে রনি। তাঁরা আদালতকে বলেন, ‘ঘটনার কয়েক দিন পর আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ থেকে জানতে পারি, ওই পাঁচজনকে হত্যার সঙ্গে মাহফুজ নামে এক ব্যক্তি জড়িত।’
আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, মামলার একমাত্র আসামি মাহফুজের উপস্থিতিতে গতকাল আদালতে তিন সাক্ষী সাক্ষ্য দেন। এ নিয়ে চারজনের সাক্ষ্য নেওয়া হলো। তবে বিচারক মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঘোষণা করেননি। মামলায় মোট ৩০ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। তিনি বলেন, ‘এঁরা লাশের সুরতহাল প্রতিবেদন এবং জব্দ তালিকার সাক্ষী।’
চলতি বছরের ১৬ জানুয়ারি রাতে শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার প্রবাসী ইসমাইল হোসেনের বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে তাসলিমা আক্তার (৩০), তাঁর ছেলে স্কুলছাত্র শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল ওরফে মোশারফ হোসেন (২৫) এবং তাসলিমার ছোট জা লামিয়া আক্তারের (২২) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।