বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন এই সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ১০ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। ওই দিন আরও পাঁচজনকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।গতকাল সাক্ষ্য দেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা শফিকুল ইসলাম, টেলিফোন রাজস্ব ভবনের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী ও সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ। তাঁরা কোকোর পাসপোর্ট, সিমেন্সের দরপত্র জমা ও মূল্যায়নসংক্রান্ত কাগজপত্র দুর্নীতি দমন কমিশন (দুদক) যে জব্দ করে তার শনাক্তকারী ও সাক্ষী।এ নিয়ে মোট ১০ জন এই মামলায় সাক্ষ্য দিলেন। মামলা পরিচালনা করেন দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক। তাঁকে সহযোগিতা করেন মোশাররফ হোসেন ও শেখ বাহারুল ইসলাম।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে (প্যারোলে মুক্তি) কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। মন্ত্রণালয় থেকে কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করে দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোকো আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।অর্থের অবৈধ লেনদেনে কোকোকে সহযোগিতা করায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল অভিযোগ গঠনের শুনানি ছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবীরা আদালতে বলেন, উচ্চ আদালতে মামলাটি বাতিল চেয়ে আবেদন করা হলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানানো হয়। আদালত আগামী ২৩ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবির আদেশ দেন।