সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আরও দুই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী আবদুল হাই মোল্লা ও পঞ্চম সাক্ষী ইউনূস মোল্লা। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন খান তাঁদের জবানবন্দি নেন।
জবানবন্দিতে আবদুল হাই মোল্লা (৬০) বলেন, তাঁর বাড়ি নগরকান্দা থানার বনগ্রামে। একাত্তরের ২৭ এপ্রিল ভোরে জাহিদ হোসেন, তাঁর বড় ভাই জাফর ও আয়নালসহ অন্য রাজাকাররা তাঁদের বাড়িতে হামলা চালায় ও কয়েকজন মুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করে। পরে তারা গ্রামের ১৭ জনকে ধরে নগরকান্দা থানায় নিয়ে আটকে রেখে নির্যাতন করে। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন রতন মোল্লা, হাতেম মোল্লা, ওমেদ মোল্লা, মকবুল খাঁ, সিয়ারুন নেছা, ইউনূস মোল্লা প্রমুখ। পরে স্থানীয় শান্তি কমিটির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম গ্রামবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা সংগ্রহ করে মুক্তিপণ হিসেবে জাহিদ ও অন্য রাজাকারদের দিয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ৩০ মে জাহিদ হোসেনের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা ফরিদপুরের কোদালিয়া গ্রামে আগুন দেয় ও ১৬ জনকে হত্যা করে। পরদিন জাহিদ ও অন্য রাজাকারদের সঙ্গে পাকিস্তানি সেনারা কোদালিয়া গ্রামে গিয়ে তিনটি ঘরে আগুন দিলে তিনজন আগুনে পুড়ে মারা যান। একাত্তরের ২৭ এপ্রিল বনগ্রাম থেকে যে ১৭ জনকে জাহিদ ও রাজাকাররা আটক করেছিল, তাঁদের একজন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ইউনূস মোল্লা (৬৯)। তিনি জবানবন্দিতে রাজাকারদের হাতে তাঁর আটক হওয়ার বর্ণনা দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে ১৩ বৈশাখ ভোরে জাহিদ হোসেনসহ অন্য রাজাকাররা তাঁদের বাড়িতে হামলা চালায়। রাজকাররা তাঁকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে তাঁকেসহ ১৭ জনকে আটক করে নগরকান্দা থানায় নিয়ে যায়। সেখানে তিনি আরেক দফা নির্যাতনের শিকার হন। পরে স্থানীয় চেয়ারম্যান ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁদের ১৭ জনকে ছাড়িয়ে আনেন।
জবানবন্দি শেষে দুই সাক্ষীকেই জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। আজ বুধবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মোবারকের পক্ষে তিনজন সাক্ষ্য দেবেন: একই ট্রাইব্যুনাল গতকাল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা তিনজনে নির্ধারণ করে দিয়েছেন। ১ ডিসেম্বর থেকে আসামিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।