বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার এই তারিখ ধার্য করেন। এ পর্যন্ত এই মামলায় ২০ জন সাক্ষী উপস্থাপন করা হলো। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে। গতকাল এ দুই মামলায়ই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বর্তমানে বিদেশে থাকা খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা মামলা দুটিতে আদালতে সময় চেয়ে আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে সাক্ষীকে জেরা করার আদেশ দেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জাহাঙ্গীর হোসেন ও উপমহাব্যবস্থাপক মাঈনুল ইমরান চৌধুরী। গতকাল সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার তৎকালীন ব্যবস্থাপক মাসউদুল হককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেওয়া হয়েছে, তা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি রাখার জন্য গতকাল আদালতে আবেদন জানান তাঁর আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করে ১২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।