বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আদালত তাঁদের জেরার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন। গতকাল এই মামলায় সাক্ষ্য দেন মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সাবেক হিসাবরক্ষক জাকারিয়া খান ও সোশ্যাল ইসলামী ব্যাংকের এসইভিপি জিয়াউদ্দিন এস ঘূর্ণি। এ নিয়ে এই মামলায় ২০ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে। গতকাল এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
খালেদা জিয়া বর্তমানে বিদেশে আছেন। মামলা দুটিতে গতকাল তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন জানান আইনরজীবীরা। আবেদনে বলা হয়, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে আছেন। এ কারণে আদালতে হাজির হতে পারেননি। খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারায় সাক্ষীকে জেরা করেন। আগের তারিখে সাক্ষ্য দেওয়া মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম জাহাঙ্গীর হোসেনকে প্রথমে জেরা করা হয়। এরপর দুই সাক্ষী সাক্ষ্য দেন।
এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়েছে। এর শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করে ১৯ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করা হয়।