সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার টানা দুই দিনের সাক্ষ্যগ্রহণের প্রথম দিন গতকাল বুধবার দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন গ্রেনেড হামলায় আহত হবিগঞ্জের মিজানুর রহমান ও নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবারও সাক্ষ্যগ্রহণ হবে জানিয়ে ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর বলেন, গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খানের দেওয়া সাক্ষ্যের মধ্য দিয়ে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত আটজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় এই মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ ও হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১২ জন আসামিকে আদালতে হাজির করা হয়।
অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাঁর অনুপস্থিতিতে গতকাল সাক্ষ্যগ্রহণ হয়।
এর আগে ২১ সেপ্টেম্বর মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে আদালতের নির্দেশে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নেন। তিনি এখন কারা হেফাজতে ঢাকায় চিকিৎসাধীন।
দুই সাক্ষী মিজানুর ও নজরুল গ্রেনেড হামলার আগে ও পরে তাঁদের দেখা ঘটনাগুলোর বর্ণনা দিয়ে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে আদালতের প্রতি আহ্বান জানান। তাঁদের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
দীর্ঘ ১০ বছর পর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত ১৩ সেপ্টেম্বর এ ঘটনায় করা মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার-প্রক্রিয়া শুরু হয়। মামলাটিতে মোট ৩২ জন অভিযুক্ত।