সাক্ষ্য দিলেন আরও সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গতকাল সোমবার আরও সাতজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ২৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

গতকাল সাক্ষ্য দেন মাহফুজুর রহমানের ভাড়া বাসার দারোয়ান আবদুল মোতালেব, ময়নাতদন্তকারী চিকিৎসক আলী মনসুর, পুলিশ কনস্টেবল তসলিম উদ্দিন ও মজিবুর রহমান এবং ইমাম আলী শেখ, সোলেমান ও রবিউল আলম।

সাক্ষ্য গ্রহণের আগে এ মামলার আসামি নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান, তার বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গতকাল পর্যন্ত এ মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও ফারুক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের ভাড়া বাসা থেকে এসবির (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান বাদী হয়ে পল্টন থানায় এই মামলা করেন। এ মামলায় তদন্ত শেষে ঐশী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে একটি এবং তাদের গৃহকর্মী খোদেজা আক্তারের বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়।