ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার আরেক তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার তাঁকে আসামিপক্ষের জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ গতকাল রাজীব হত্যা মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মাইনুর ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষে এ দিন ধার্য করেন।
এর আগে এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মতিয়ার রহমান সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ৩৪ সাক্ষীকে উপস্থাপন করা হলো। তাঁদের মধ্যে ৩৩ জনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।