সাক্ষ্য দিলেন আরেক পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। এ মামলার আসামি শিবিরের ক্যাডার ও শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার এ কে এম জসীম উদ্দিন ভুঁইয়া।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামি শিবির নাছিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের পর আদালত বৃহস্পতিবার আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষার দিন ধার্য রাখেন।
এই মামলা নিয়ে ১৫ মার্চ প্রথম আলোয় ‘ট্রাইব্যুনালে ১২ বছর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
১৯৯৪ সালের ২০ নভেম্বর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আজিজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।
২০০৩ সালে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে আসে। আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ার পর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্থগিতাদেশ প্রত্যাহারের পর মামলাটির কার্যক্রম চালু হয়। কিন্তু তদন্ত কর্মকর্তাসহ দুই পুলিশ সাক্ষী হাজির না হওয়ায় এত দিন ধরে বিচার থমকে আছে।