১০ ট্রাক অস্ত্র মামলায় এবার সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রামের সাবেক মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান সাক্ষ্য গ্রহণ করেন। মাহাবুবুর রহমান বর্তমানে খাগড়াছড়িতে পার্বত্য জেলা ভূমি কমিশনের সচিবের দায়িত্বে আছেন। সাক্ষ্য শেষে মাহাবুবুর রহমানকে এক আসামির পক্ষে জেরা করা হয়। জেরা অসমাপ্ত রেখে আদালত আজ সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।সাক্ষ্যে মাহাবুবুর রহমান বলেন, তিনি চট্টগ্রামে মহানগর হাকিম থাকাকালে ২০০৯ সালের ২ মে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, ১৩ ও ১৪ জুন উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদ এবং ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি হাফিজুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করেন। এ ছাড়া তিনি ২০১০ সালের ২০ সেপ্টেম্বর সিআইডির সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) ফররুখ আহমদ চৌধুরী, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার এস এম সাব্বির আলী, ৫ অক্টোবর মেজর জোনারেল (অব.) ইমামুজ্জামান, ৭ অক্টোবর সাবেক শিল্পসচিব শোয়েব আহমদ এবং ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক, ২ মে সার্জেন্ট হেলাল উদ্দিন ভুঁইয়া ও সার্জেন্ট আলাউদ্দিন, ৩ মে ডিজিএফআইয়ের সাবেক ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল (অব.) এ কে এম রেজাউর রহমানের জবানবন্দি নথিভুক্ত করেন।সাক্ষ্য শেষে মাহাবুবুর রহমানকে আসামি শাহাবুদ্দিন আহমদের আইনজীবী জেরা করেন। সার্কিট হাউসে কক্ষ পাননি ওসমান গণি: গতকাল সকালে চট্টগ্রামের আরেক সাবেক মহানগর হাকিম ওসমান গণিকে তিন আসামির পক্ষে জেরা করা হয়। ওসমান গণি এখন রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। তিনি গতকাল আদালতকে জানান, তিনি আগের দিন শনিবার রাতে চট্টগ্রাম এসে সার্কিট হাউসে কক্ষ বরাদ্দ পাননি। পরে বিভিন্ন জায়গায় ঘুরে নিজ উদ্যোগে রাতযাপনের ব্যবস্থা করেন।এ ঘটনায় আদালত ক্ষোভ প্রকাশ করেন এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলির (পিপি) বক্তব্য জানতে চান। পিপি কামাল উদ্দিন আহম্মদ বলেন, ‘উনি (ওসমান গণি) আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি থাকার ব্যবস্থা করতাম।’