পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সাক্ষ্য দিলেন দরপত্র মূল্যায়নের জন্য প্রথম কমিটির দুই সদস্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ইশতিয়াক আহমেদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেন।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত তাঁদের সাক্ষ্য নেয় তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের একাধিক কর্মকর্তা জানান, উভয়েই তাঁদের সাক্ষ্যে সবকিছুর দায়দায়িত্ব কমিটির সদস্যসচিব কাজী ফেরদাউসের ঘাড়ে চাপিয়েছেন। তাঁদের সাক্ষ্যের বরাত দিয়ে তিনি জানান, ‘বিশেষজ্ঞদের সময় নেই’—এই অজুহাতে দরপত্রের জন্য গঠিত প্রথম মূল্যায়ন কমিটি ভেঙে দেওয়া হয়। কিন্তু তা সঠিক নয়। এমনকি কমিটির সদস্যদের কেউ জানতেন না কেন ও কীভাবে প্রথম কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তাঁরা সাক্ষ্যে আরও বলেছেন, প্রথম কমিটি তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই কমিটির সদস্যসচিব একটি প্রস্তাব (লাভালিনের পক্ষে) তাঁদের কাছে নিয়ে আসেন। আর তাতে সাবেক সেতুসচিবের অনুমোদন ছিল বলেও জানান দুই সাক্ষী।সাক্ষ্য দিয়ে বের হয়ে মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘মূল্যায়নের আগে কমিটি ভাঙা হয়েছে। কেন ভাঙা হয়েছে, ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট কারও প্রভাব ছিল কি না, আমি জানি না।’