১০ ট্রাক অস্ত্র মামলায় গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক দুই হাকিম মুনতাসির আহমেদ ও মো. আবু হান্নান। চট্টগ্রামের আদালতে হাকিম হিসেবে কর্মরত থাকাকালে তাঁরা এই মামলার কয়েকজন আসামি ও সাক্ষীর ১৬৪ ধারার জবানবন্দি নথিভুক্ত করেছিলেন। গতকাল চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দুই হাকিমের সাক্ষ্য শেষে তাঁদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে আদালত আজ বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। এই দুজনের মধ্যে মুনতাসির আহমেদ বর্তমানে চাঁদপুরে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এবং মো. আবু হান্নান নোয়াখালী যুগ্ম জেলা জজ আদালতে বিচারক হিসেবে কর্মরত আছেন। আদালতে দেওয়া সাক্ষ্যে মুনতাসির আহমেদ বলেন, ‘২০১১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রাম মহানগর হাকিম ষষ্ঠ আদালতের খাসকামরায় সাক্ষী মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমির ১৬৪ ধারায় দেওয়া মোট নয় পৃষ্ঠার জবানবন্দি আইনের বিধিবিধান অনুসারে নথিভুক্ত করি।’ তাঁকে জেরা করেন আসামি মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী।আরেক সাক্ষী মো. আবু হান্নান বলেন, ‘চট্টগ্রাম মহানগর হাকিম থাকাকালে ২০০৯ সালের ১৫ মে আসামি উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিনের দোষ স্বীকারমূলক জবানবন্দি গ্রহণ করি। এ ছাড়া সাক্ষী এ কে এম মহিউদ্দিন চৌধুরীর জবানবন্দি নিই।’ এরপর তাঁকে জেরা করেন আসামি শাহাবুদ্দিনের আইনজীবী।