পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন বিশ্ব-জিতের চাচাতো ভাই রবিন দাস। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
সাক্ষী রবিন দাস আদালতে বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বিশ্বজিৎকে কোপানোর খবর পেয়ে তিনি মিটফোর্ড হাসপাতালে তাঁকে দেখতে যান। হাসপাতালে গিয়ে তিনি বিশ্বজিৎকে মৃত অবস্থায় দেখতে পান।
গতকাল পর্যন্ত এই মামলায় ২৬ জন সাক্ষ্য দিলেন। কারাগারে আটক এই মামলার আট আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। পলাতক রয়েছেন ১৩ জন আসামি।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই মামলায় অভিযোগপত্রভুক্ত ২১ আসামিই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।