সাক্ষ্য দিলেন ছাত্রলীগের সাবেক তিন কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে দুই দশক আগে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ছাত্রলীগের সাবেক তিন কর্মী। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়।
আ জ ম নাছির মেয়রের পাশাপাশি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। মামলার অন্য আসামিদের মধ্যে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও রয়েছেন। তাঁরা দুজনেই গতকাল উপস্থিত না থাকায় তাঁদের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আসামি নাছিরের আইনজীবী চন্দন বিশ্বাস জানান, সাক্ষী জহুরুল ইসলাম চৌধুরী, আবদুর রহমান ও কে বি এম শাহজাহান আদালতকে জানিয়েছেন, ঘটনার দিন তাঁরাও সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে কোনো মারামারি কিংবা বিশৃঙ্খলা হয়নি। মামলার বাদীকে কেউ মারধর করেনি।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহৃত হয়। এ মামলায় গত ১ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন নাছির। ৬ এপ্রিল জেরাকালে বাদী আদালতকে জানিয়েছেন, বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি করেছিলেন তিনি।