সাক্ষ্য দিলেন জুবায়েরের বড় ভাই মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন জুবায়েরের বড় ভাই আবদুল্লাহ আল মামুন। এদিকে এই মামলার ছয় আসামির জামিন বাতিলের বিষয়ে গতকাল কোনো আদেশ হয়নি। আদালত ২৩ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক গতকাল আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীকে আসামিপক্ষের জেরা শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
সাক্ষ্য দেওয়ার পর আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাক্ষীদের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আসামিদের জামিন বাতিলের আবেদন করা হয়।
আদালত সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি সাক্ষী আজিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, সৈয়দ নাজমুল হোসাইন ও রাজীবুল ইসলামকে আদালত থেকে ফেরার পথে হত্যার হুমকি দেন জামিনে থাকা আসামিরা। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি ছয় আসামির জামিন কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে বলেন আদালত। আসামিপক্ষ জবাব দেওয়ার পর বিষয়টি আদালতের আদেশের অপেক্ষায় আছে।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষীদের হুমকি দেওয়ার বিষয়ে থানার পুলিশ সত্যতা পেয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
যে ছয় আসামির জামিন বাতিলের আবেদন করা হয়েছে, তাঁরা হলেন আশিকুল ইসলাম, খান মোহাম্মদ, জাহিদুল ইসলাম, মো. মেহবুব, রাশেদুল ইসলাম ও মাহবুব আকরাম।
২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের কর্মী ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হন। ওই বছরের ৮ এপ্রিল ১৩ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় গতকাল পর্যন্ত ১০ জন সাক্ষ্য দিয়েছেন।