সাক্ষ্য দিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ রোববার সাক্ষ্য দিয়েছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আয়েশা বেগম। ঢাকার মহানগর ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস এম জিয়াউর রহমান এ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

এ নিয়ে এ মামলায় ১০৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস। আহত হয়েছিলেন অর্ধশতাধিক লোক।
এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান ওই দিনই বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর মুফতি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন পুলিশের সিআইডি বিভাগের পরিদর্শক মৃনাল কান্তি সাহা। গত বছরের ৪ সেপ্টেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় কারাগারে আটক আছেন আবদুল হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান, ও আরিফ হাসান সুমন। এ ছাড়া অভিযোগপত্রভুক্ত মশিউর রহমান, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, নুরুল ইসলাম, মহিবুল মুস্তাকিম, আনিসুল মুরসালিন ও রফিকুল ইসলাম সিরাজী পলাতক।