সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও মানিকগঞ্জের ঘিওর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে গত সাড়ে চার বছরে মামলাটির ৩৯ জন সাক্ষীর ২৪ জন সাক্ষ্য দিলেন।
আরেক সাক্ষী মানিকগঞ্জ সদর হাসপাতালের তৎকালীন আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক খান গতকাল আদালতে হাজির হননি। তাই তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ের শালজানা গ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ কয়েকজন। দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে থানার ওসি আশরাফ-উল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুর্ঘটনার পরদিন জামিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছরের ১৭ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তাতে বাসচালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাধারণ জখম, গুরুতর জখম, অবহেলার কারণে মৃত্যু ঘটানো এবং মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উল্লেখ করা হয়। ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। ২০১৩ সালের ১৩ জানুয়ারি মামলাটি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
জেলা দায়রা ও জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি আফছারুল ইসলাম বলেন, গতকাল দুজনের সাক্ষ্য গ্রহণের দিনে মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ-উল ইসলাম আদালতে এলে তাঁর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। অপর সাক্ষী আবদুল মালেক আদালতে উপস্থিত হননি। সাক্ষ্য গ্রহণের সময় বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।