সাক্ষ্য দিলেন তারেক আহমেদ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রধানমন্ত্রী ও তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গতকাল বুধবার তারেক আহমেদ সিদ্দিকীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষ তাঁকে জেরা করে। আদালত ৩০ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
সাক্ষী তারেক আহমেদ সিদ্দিকী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে শেখ হাসিনা ভাষণ শেষ করে ‘জয় বাংলা’ বলার সঙ্গে সঙ্গে গ্রেনেড হামলা করা হয়। হামলার তীব্রতা এতটাই ছিল যে শেখ হাসিনাকে সভামঞ্চ থেকে নামানো যাচ্ছিল না। দলনেত্রীকে বাঁচাতে নেতা-কর্মীরা তাঁকে ঘিরে মানবঢাল তৈরি করেন। হামলা থামার পর শেখ হাসিনাকে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করা হয়। রক্তাক্ত নেতা-কর্মীদের পড়ে থাকতে দেখে তিনি তাঁদের কাছে যাওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা বারবার বলছিলেন, ‘আমাকে নিয়ে যাচ্ছ, আহত নেতা-কর্মীদের কী হবে?’ এ সময় অনেকটা জোর করেই তাঁকে গাড়িতে তুলে জিপিও-প্রেসক্লাব হয়ে সুধা সদনে পৌঁছে দেওয়া হয়। ওই হামলায় তিনিও আহত হন। তারেক আহমেদ সিদ্দিকী সাক্ষ্যে আরও বলেন, সমাবেশে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা ছিল না।
গতকাল পর্যন্ত এ মামলায় ১৫৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।