সাক্ষ্য দিলেন তিন পুলিশ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন। গতকাল রোববার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে তাঁরা সাক্ষ্য দেন।
সাক্ষ্য দেওয়া পুলিশ সদস্যরা হলেন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী ও কনস্টেবল লিটন কাজী এবং বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম। এ নিয়ে গত চার বছরেরও বেশি সময়ে এ মামলার ৩৯ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির কার্যক্রম চলছে। তবে এই আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর ছুটিতে থাকায় গতকাল সাক্ষ্য গ্রহণ করা হয় জেলা ও দায়রা জজ আদালতে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ওই তিন সদস্যের সাক্ষ্য গ্রহণ করেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান। এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলী (এপিপি) আফছারুল ইসলাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাধব সাহা।
আফছারুল ইসলাম বলেন, সমন জারি হলেও সাক্ষীদের কেউ কেউ যথাসময়ে আদালতে সাক্ষ্য দিতে আসেননি। এ কারণে মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে। পরবর্তী শুনানি আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
২০১১ সালের ১৩ আগস্ট মাইক্রোবাসে করে ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত হন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন। ওই দিনই ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। পরদিন বাসচালক জামিরকে গ্রেপ্তার করা হয়।