সাক্ষ্য দিলেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সমন জারি করা পাঁচ সাক্ষীর তিনজন সাক্ষ্য দিয়েছেন। মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা ও জজ আদালতে গতকাল রোববার তাঁরা সাক্ষ্য দেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৫ সেপ্টেম্বরে।
গতকাল সাক্ষ্য দেওয়া তিনজন হলেন, ঘিওর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক মোতালেব হোসেন, ফায়ারম্যান কামাল হোসেন ও ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসক মেজবাহ উদ্দিন আহম্মেদ। এ চার বছরে ৩৯ জন সাক্ষীর ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
সমন জারি করা বাকি দুই সাক্ষীর একজন ঘিওর ফায়ার স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা খন্দকার আবদুল হামিদ মারা গেছেন। আর অপরজন স্কয়ার হাসপাতালের চিকিৎসক সানোয়ার হোসাইন আদালতে উপস্থিত হননি।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরের আদালতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সাক্ষ্যগ্রহণ। এ সময় এ মামলার আসামি বাসচালক জামির আদালতে উপস্থিত ছিলেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ের শালজানা গ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন তারেক ও মিশুকসহ কয়েকজন। ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক ও মিশুকসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুর্ঘটনার পরদিন জামিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছর ১৭ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।