সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু আবু সাঈদ (১৪) হত্যা মামলার তিন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী দুই বিচারিক হাকিম সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ মামলার চার আসামির উপস্থিতিতে দুজনের সাক্ষ্য গ্রহণ করেন।
এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও আসামিদের ঠিকানা শনাক্তকারী পুলিশ সদস্যও গতকাল সাক্ষ্য দিয়েছেন।
সাঈদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্নকারী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকসহ বাকি সাক্ষীরা আজ বুধবার সাক্ষ্য দেবেন বলে আইনজীবীরা জানিয়েছেন।
নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কনস্টেবল এবাদুর, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘তথ্যদাতা’ আতাউর রহমান ওরফে গেদাকে গ্রেপ্তার করা হয়। তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী আনসারুজ্জামান বলেন, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলে সাক্ষ্য গ্রহণ। সিলেট মহানগর বিচারিক হাকিম (এমএম-১) শাহেদুল করিম ও বিচারিক হাকিম (এমএম-২) ফারহানা ইয়াসমিন তিন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার বিষয়ে আদালতকে অবহিত করে সাক্ষ্য দেন। পরে সিআইডির পরিদর্শক শামীমুর রহমান ও আসামির ঠিকানা শনাক্তকারী সিলেটের জকিগঞ্জ থানার উপপরিদর্শক রতন লাল দেব সাক্ষ্য দেন। আদালত আজ বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালে ১৭ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারপ্রক্রিয়া শুরু হয়। মামলায় মোট সাক্ষী ৩৭ জন। গতকাল পর্যন্ত চার কার্যদিবসে ২২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।