সাক্ষ্য দিলেন পুলিশের সাবেক এক অতিরিক্ত মহাপরিদর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুল ইসলাম। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ২২-২৩ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গতকাল পর্যন্ত এ মামলায় ১৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল সাক্ষী শামসুল ইসলাম আদালতে বলেন, ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার খোঁজখবর রাখতেন। এ মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিআইডির আবদুর রশিদ ও তদন্ত তদারকির দায়িত্বে থাকা রুহুল আমিনের কাছে তিনি এ মামলার অগ্রগতি বিষয়ে জানতে চান। তিনি তাঁদের জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের বিষয়ে খোঁজ নিতে ও তাঁকে গ্রেপ্তার করতে বলেন। রুহুল আমিন তাঁকে জজ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানান। জজ মিয়া আদালতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তাঁকে জানানো হয়।
শামসুল ইসলাম আরও বলেন, এর কিছুদিন পর রুহুল আমিন তাঁকে বলেন, জজ মিয়ার মাকে সাহায্য করা প্রয়োজন। জজ মিয়া খুব গরিব বলে তাঁকে জানানো হয়। তিনি এতে আপত্তি জানান। তখন রুহুল আমিন তাঁকে বলেন, জজ মিয়ার পরিবারকে টাকা দেওয়ার বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবহিত আছেন। এ কথা শুনে তিনি ক্ষোভ জানিয়ে বলেন, তবে তাঁকে বলার দরকার কী?
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।
এ মামলায় কারাগারে আটক লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৪ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ এ মামলার অপর ১৮ জন আসামি পলাতক আছেন। নয়জন জামিনে আছেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী।