সাক্ষ্য দিলেন প্রথম তদন্ত কর্মকর্তাসহ দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আজ মঙ্গলবার মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তাসহ দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ সাক্ষ্যগ্রহণ করেন। আদালত আগামী ৬ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

আদালতে আজ সাক্ষ্য দেন এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মতিয়ার রহমান। তিনি আদালতকে বলেন, তিনি একদিনের জন্য এ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। এরপর মামলাটি তদন্তের জন্য ডিবিতে পাঠানো হয়। এ ছাড়া জব্দ তালিকার সাক্ষী মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দেন।

এ পর্যন্ত এই মামলায় ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

আহমেদ রাজীব হায়দারকে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীর কালশীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহামানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

মুফতি জসীম উদ্দিন ছাড়া অন্য আসামিরা হলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা। এদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক।

আজ কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেন আদালত।