সাক্ষ্য দিলেন প্রথম তদন্ত কর্মকর্তাসহ দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল মঙ্গলবার এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তাসহ দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আদালত ৬ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন এই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মতিয়ার রহমান ও জব্দ তালিকার সাক্ষী মিজানুর রহমান। সাক্ষ্যে শেখ মতিয়ার রহমান আদালতকে বলেন, তিনি এক দিনের জন্য এই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। এরপর মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) পাঠানো হয়।
এই মামলার ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।
মুফতি জসীম উদ্দিন ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্য সাতজন হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক।
এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের আবার কারাগারে পাঠিয়ে দেন আদালত।