সাক্ষ্য দিলেন প্রাণ গোপাল দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত তাঁর সাক্ষ্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা আহত হন। গ্রেনেড বিস্ফোরণের শব্দে তাঁর ডান কান ক্ষতিগ্রস্ত হয়।
প্রাণ গোপাল দত্ত বলেন, ২৩ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বাসায় তাঁকে ডেকে পাঠানো হয়। শেখ হাসিনার কান পরীক্ষা করে দেখতে পান, কানের ভেতর রক্ত জমে আছে এবং কানের ভেতরের পর্দার ক্ষতি হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি শেখ হাসিনাকে উন্নত দেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। শেখ হাসিনার কানের চিকিৎসা-সংক্রান্ত ব্যবস্থাপত্র উপস্থাপন করা হলে প্রাণ গোপাল দত্ত তা শনাক্ত করেন।
প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, গ্রেনেড হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হন। তিনি শেখ হাসিনার চিকিৎসা করেছিলেন। সেই বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ তাঁকে জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন্ড) জানায়।
এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আয়া মোছাম্মত রোকেয়া বেগম সাক্ষ্য দিয়েছেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের লাশের সুরতহালের সাক্ষী।
গ্রেনেড হামলা মামলায় গতকাল পর্যন্ত ১২৮ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আদালত আগামী ৮ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন। এ মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২৪ জনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা নয়জন আসামি আদালতে হাজির ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন।