সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া ছাত্র আল-আমীন আজ সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। বলেন, তাঁরা ডাকাত নন, ছাত্র—এ বিষয়টি বারবার বলার পরও এলাকার লোকজন তাঁদের মারধর করেছে।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় আসামিপক্ষ তাঁকে জেরা করে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন শাকিলা ইয়াসমিন। আজ পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
আল-আমীন সাক্ষ্যে আরও বলেন, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি নামলে তাঁরা একটি ছাউনির নিচে আশ্রয় নেন। আচমকা এলাকার লোকজন তাঁদের ওপর হামলা চালায় ও মারধর করে। বাঁচার আকুতি জানালেও তারা মারধর করেই যাচ্ছিল। ‘আমরা ডাকাত নই, আমরা ছাত্র—এটা বলার পরও আসামিরা আমাদের ছাড়েনি। আমাদের মারধর করেছে।’
আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ছাত্ররা হলেন ধানমন্ডির ম্যাপললিফ স্কুলের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম শাম্মাম, মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান ওরফে পলাশ, তেজগাঁও কলেজের ছাত্র টিপু সুলতান, মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ছাত্র সিতাব জাবীর ওরফে মুনিব এবং বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান।
ওই ঘটনায় আল-আমিন গুরুতর আহত হলেও বেঁচে যান। স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক ডাকাতির অভিযোগে আল-আমিনসহ নিহত ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা করেন। হত্যার অভিযোগে সাভার থানার পুলিশ পৃথক আরেকটি মামলা করে।
২০১৩ সালের ৭ জানুয়ারি র্যাব তদন্ত শেষে হত্যা মামলায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ৮ জুলাই ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় একজন কারাগারে, ৫২ জন জামিনে, ছয়জন পলাতক আছেন। অপর এক আসামি মারা গেছেন।
এ ছাড়া ডাকাতির মামলা থেকে আল-আমিনকে অব্যাহতি দেওয়া হয়।