সাক্ষ্য দিলেন বেঁচে যাওয়া আল-আমীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া ছাত্র আল-আমীন গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আল-আমীন আদালতকে বলেন, ‘২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাই। বৃষ্টি নামলে আমরা সবাই একটি ছাউনির নিচে আশ্রয় নিই। তখন এলাকার লোকজন হঠাৎ আমাদের মারধর শুরু করে। বাঁচার আকুতি করলেও তাঁরা আমাদের মারধর করা বন্ধ করেননি। আমরা ডাকাত নই, আমরা ছাত্র, এটা বলার পরও ওঁরা আমাদের ছাড়েননি।’
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ৩০ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন শাকিলা ইয়াসমিন। গতকাল পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
২০১১ সালের ১৭ জুলাই ওই গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ছাত্ররা হলেন শামস রহিম শাম্মাম, ইব্রাহিম খলিল, তৌহিদুর রহমান ওরফে পলাশ, টিপু সুলতান, সিতাব জাবীর ওরফে মুনিব এবং কামরুজ্জামান। আল-আমীন গুরুতর আহত হন। স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক ডাকাতির অভিযোগে এঁদের বিরুদ্ধে মামলা করেন।