সাক্ষ্য দিলেন মন্ত্রী মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম গণহত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে তিনি সাক্ষ্য দেন। আদালত আগামী ৩১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনা চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিত। চলতি বছরের জানুয়ারি মাসে মামলাটি বিচারের জন্য প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মোশাররফ হোসেন গতকাল আদালতকে বলেছেন, তিনি তখন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেদিন গুলি চালানো হয়েছিল। উনাকে লক্ষ্য করে চালানো গুলি সেদিন ভাগ্যক্রমে তাঁর গায়ে লাগেনি।’
মন্ত্রী আদালতকে বলেন, জনসভায় যোগ দিতে লালদীঘি ময়দানের দিকে যাওয়ার পথে কোতোয়ালির সামনে তাঁকে পুলিশ বেদম প্রহার করে। এ সময় চারদিকে গুলির আওয়াজ শোনেন তিনি। তিনি আহত হলেও জ্ঞান ছিল। গুলিতে আহত ও নিহত অনেক মানুষকে দেখেছেন তিনি।
পরে মন্ত্রীকে জেরা করেন আসামি মির্জা রকিবুল হুদার আইনজীবী আহসানুল হক।
সরকারি কৌঁসুলি বলেন, ২০০৯ সালের ১০ আগস্ট এই মামলায় সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়েছিল। এরপর আর কোনো সাক্ষী হাজির হননি। ১৬৮ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার আট আসামির মধ্যে মারা গেছেন দুজন। শুরু থেকে পলাতক রয়েছেন পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র মণ্ডল। জামিনে আছেন তৎকালীন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা, কনস্টেবল প্রদীপ বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহ আবদুল্লাহ।
গণহত্যার পাঁচ বছর পর আদালতে মামলা করেন আইনজীবী শহীদুল হুদা। তবে বিচারের শেষ দেখে যেতে পারেননি বাদী। ২০১৩ সালে তিনি মারা যান।