সাক্ষ্য দিলেন মুফতি জসীমের জবানবন্দি নেওয়া বিচারক
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ তাঁর সাক্ষ্য শেষে আজ সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
গতকাল আসাদুজ্জামান নূর সাক্ষ্যে বলেন, তিনি ২০১৩ সালের ২ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন। গতকাল আদালতে তিনি ওই জবানবন্দি শনাক্ত করেন। সাক্ষ্য শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন ও ফারুক আহম্মেদ। এই জেরা শেষে আদালত আজ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এই মামলার ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২৫ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এই হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় মুফতি জসীমউদ্দিনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অভিযোগপত্রভুক্ত অন্য সাতজন হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক।
এ মামলায় কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন আদালত।