২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক নূর হোসেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এই সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য করেছেন। চিকিৎসক নূর হোসেন বর্তমানে ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক শাখার প্রধান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল পর্যন্ত এ মামলায় ১১০ জন সাক্ষ্য দিয়েছেন।
নূর হোসেন সাক্ষ্যে বলেন, গ্রেনেড হামলার ঘটনার সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। ওই হামলায় নিহত মামুন মৃধা ও কুদ্দুস পাটোয়ারীর লাশের ময়নাতদন্ত করেছিলেন। আদালতে তিনি ময়নাতদন্ত প্রতিবেদন শনাক্ত করেন। পরে আদালত তাঁকে আসামিপক্ষে জেরার দিন ধার্য করেন।
এ মামলায় কারাগারে আটক আসামি জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৫ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জন আসামি পলাতক রয়েছেন।
এ মামলায় জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী, সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান, এএসপি আবদুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির ছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলায় দলের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২২ জন নিহত হন। আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী আহত হন।