চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে দুই দশক আগে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন যুবলীগের সাবেক দুই কর্মী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়।
আ জ ম নাছির মেয়রের পাশাপাশি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। মামলার অন্য আসামিদের মধ্যে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও রয়েছেন। তাঁরা দুজনেই গতকাল উপস্থিত না থাকায় তাঁদের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আসামির আইনজীবী অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, সাক্ষী আনোয়ার হোসেন ও সালাউদ্দিন শাহরিয়ার আদালতকে জানিয়েছেন, ঘটনার দিন তাঁরাও সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে কোনো মারামারি কিংবা বিশৃঙ্খলা হয়নি। মামলার বাদীকে (সুফিয়ান সিদ্দিকী) কেউ মারধর করেনি।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়। এ মামলায় গত ১ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন নাছির। ৬ এপ্রিল মামলার বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরাকালে বাদী দাবি করেন তৎকালীন বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি করেছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, সাক্ষী পুলিশ কর্মকর্তা বি এম কামাল পাশা হাজির না হওয়ায় তাঁকে জেরা করা যায়নি। পরে আদালত দুই সাক্ষীর সাক্ষ্য নেন।