সাক্ষ্য দিলেন র্যা বের আরেক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে র্যা বের আরেক সদস্য আদালতে জবানবন্দি দিয়েছেন। ল্যান্স করপোরাল জাহাঙ্গীর আলম নামের ওই র্যাবের সদস্য গতকাল মঙ্গলবার জবানবন্দি দেন।
এ নিয়ে সাত খুনের ঘটনায় ১৭ জন প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন। তাঁদের মধ্যে ১২ জনই র্যাব-১১-এর সদস্য। আর ঘটনার সঙ্গে জড়িত র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ মোট ২০ র্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
র্যাবের সদস্য জাহাঙ্গীরের জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, জাহাঙ্গীর গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল সাতজনকে অপহরণ থেকে শুরু করে হত্যা এবং হত্যার পর লাশ গুম পর্যন্ত সব ঘটনাই প্রত্যক্ষ করেছেন জাহাঙ্গীর। কিন্তু তিনি অপহরণ, হত্যা বা লাশ গুমের কোনো ঘটনায় সম্পৃক্ত হননি। সেদিন সশস্ত্র অবস্থায় র্যাবের পোশাক পরিহিত জাহাঙ্গীরের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। ৩০ এপ্রিল ও পয়লা মে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়।