সাক্ষ্য দিলেন সাবেক সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সাবেক সহ-উপাচার্য ফরহাদ হোসেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। এদিকে সাক্ষীদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গতকাল আসামিদের জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
ফরহাদ হোসেন সাক্ষ্যে বলেন, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে জখম করা হয়। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তিনি তদন্ত করে ৩০ জানুয়ারি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের বহিষ্কারের সুপারিশ করেন। জবানবন্দি শেষে ফরহাদ হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও আসামিদের জামিন বাতিলের আবেদনের বিষয়ে শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। জুবায়ের হত্যা মামলায় গত বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৩ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।