২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল কবির গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মাদ আনিসুর রহমান তাঁর সাক্ষ্য গ্রহণ করেন।পরে ফজলুল কবিরকে জেরা শুরু করেন আসামি মাওলানা আবু তাহেরের পক্ষে আইনজীবী জসিম উদ্দিন। জেরা অসমাপ্ত অবস্থায় আদালত আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।ফজলুল কবির আদালতে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি আসামি আরিফ হাসান, মুরসালিন ও মুত্তাকিনের পাসপোর্ট এবং শিক্ষাগতযোগ্যতার সনদ আলামত হিসেবে জব্দ করেন। সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফের আবেদনের পরিপ্রেক্ষিতে যা পরবর্তী সময়ে এই মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি পরে প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইলেও সাক্ষীদের কারণে তা পারছে না। আদালত সংক্ষিপ্ত সময়ে তারিখ নির্ধারণ করতে চাইলেও ফজলুল কবির ব্যক্তিগত কারণ দেখিয়ে পিছিয়ে দিতে বলেন। এর ফলে আমরা চাইলেও দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারছি না। এ মামলায় ৮০ জন সাক্ষীর মধ্যে ৫৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।’রমনা বটমূলে বোমা হামলা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০৮ সালের ২৯ নভেম্বর ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে আটজন কারাগারে ও একজন জামিনে রয়েছেন। বাকি পাঁচজন পলাতক রয়েছেন।আটক আটজন হলেন জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা সাব্বির, আরিফ হাসান, শাহাদাত উল্লাহ, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, মাওলানা শওকত ওসমান ও হাফেজ মাওলানা ইয়াহিয়া। জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন। পলাতক রয়েছেন মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই। ওই বোমা হামলায় ১০ জন নিহত হন।