সাক্ষ্য দিলেন স্ত্রীসহ পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাস্থলে পৌঁছামাত্র ৫০-৬০ জন গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। গাড়ি থামার সঙ্গে সঙ্গে হামলাকারীরা একরামুলকে কোপান ও গুলি করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেন। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিতে গিয়ে এ কথা বলেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন। তিনি সেদিন একরামুলের গাড়িতে ছিলেন।
গতকাল মহিউদ্দিনের সঙ্গে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন একরামুল হকের স্ত্রী তাসমিন আক্তার, ঘটনার দিন একরামের গাড়িবহরে থাকা আবু ইউছুফ এবং ঘটনাস্থলের পাশের দোকানদার মো. ইউছুপ ও আবুল বাশার।
এ কে এম মহিউদ্দিন আদালতে বলেন, হামলার ওই ঘটনায় তিনি ইটের আঘাতে আহত হন। ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই হতবিহ্বল হয়ে পড়েন যে কাউকে চিনতে পারেননি।
জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে গতকাল পাঁচজন সাক্ষ্য দেন। এ নিয়ে মামলার বাদীসহ আটজন সাক্ষ্য দিয়েছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে রয়েছেন। তিনি জানান, গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গতকাল ফেনী কারাগারে থাকা ৩৪ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজনও আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন ও আহসান কবির বেঙ্গল সাক্ষীদের জেরা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার ১৫ জন কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার ১২ জন আসামি এখনো পলাতক।
৫৬ আসামির মধ্যে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।