সাক্ষ্য দিলেন হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে আগস্ট গ্রেনেড হামলা
একুশে আগস্ট গ্রেনেড হামলা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল সোমবার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক গাড়িচালক আবদুল মতিন সাক্ষ্য দিয়েছেন। গতকাল এ দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। আজ মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন সাক্ষ্য-জেরা গ্রহণ করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল পর্যন্ত এ মামলায় ১৩০ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
গতকাল হাছান মাহমুদ আদালতকে বলেন, তিনি তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সহকারী ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট ধানমন্ডির সুধা সদন থেকে বিকেলে নেত্রীর গাড়িবহরের সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সমাবেশস্থলে গিয়েছিলেন। সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়। এতে শেখ হাসিনাসহ অনেকে আহত হন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় গ্রেনেডের স্প্লিন্টার ঢোকে। তিনি দেখতে পান শত শত মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কারও হাত নেই, কারও পা নেই। বঙ্গবন্ধু অ্যাভিনিউর সমাবেশস্থলে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তিনি শিকদার মেডিকেলে চিকিৎসা নেন। পরে বেলজিয়ামে গিয়ে চিকিৎসা নেন। এখনো তিনি গ্রেনেড হামলার স্প্লিনটার বয়ে বেড়াচ্ছেন।
এ মামলায় কারাগারে আটক বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর, আবদসু সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৫ জন কারাগারে আটক আছেন। জামিনে থাকা নয় আসামি আদালতে হাজির ছিলেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন পলাতক আছেন।