সাক্ষ্য দিয়ে দেশে ফিরেছেন ফেলানীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের শুনানিতে সাক্ষ্য দিয়ে গত সোমবার রাতে ভারতের কুচবিহার থেকে দেশে ফিরেছেন তার বাবা নূর ইসলাম। শুনানিকালে অভিযুক্ত বিএসএফের সদস্য অমিয় ঘোষও উপস্থিত ছিলেন।
কুচবিহারে বিএসএফের সদর দপ্তরের সোনারী ছাউনিতে স্থাপিত ‘জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে’ সোমবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নূর ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতের কার্যক্রমে অংশ নিতে গত রোববার ভারত গিয়েছিলেন নুর ইসলাম এবং কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম।
মামলায় নূর ইসলামের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে চলা মামলার পুনর্বিচারকাজ শেষ হয়েছে।
ফেলানীর বাবা বলেন, ‘আমি আদালতে বলেছি, ভারতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ বিএসএফ জওয়ান অমিয় ঘোষের বিরুদ্ধে। আমার চোখের সামনে আমার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে, তা বলেছি। অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।’ হত্যার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন বলেও জানান তিনি।
পিপি আব্রাহাম লিংকন বলেন, ফেলানীর বাবার সাক্ষ্য গ্রহণ করেন সাত সদস্যের বিচারক প্যানেল। জেরার উত্তর ঠিকঠাক মতোই দিয়েছেন নূর ইসলাম। আমাদের পক্ষ থেকে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের কাজ শেষ। এখন রায়ের অপেক্ষা। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হতে পারে।