সাক্ষ্য দিয়ে দেশে ফিরেছেন ফেলানীর বাবা ও মামা
বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলায় পশ্চিমবঙ্গের কোচবিহারের বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছে ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা আবদুল হানিফসহ চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ফেলানীর বাবা, মামা, ৪৫ কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক ও কুড়িগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকনকে দেশে পাঠানো হয়েছে। গতকাল ফেলানী হত্যাকাণ্ডের স্থানে ভারতীয় গ্রামবাসীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এদিন দুই গ্রামবাসীর সাক্ষ্য নেওয়া হয়। বাংলাদেশের চার সদস্যের দলটি দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের বুড়িমারী জিরো পয়েন্টে এসে পৌঁছায়। আব্রাহাম লিংকন বলেন, ‘সাক্ষীর জবানবন্দি, ডাক্তারি পরীক্ষার ফলাফল এবং বিচার-প্রক্রিয়া দেখে মনে হচ্ছে, মামলার রায় ইতিবাচক হবে। আমাদের বুঝতে হবে, মামলা করেছে বিএসএফ। ডাক্তারি পরীক্ষাও করেছে তারা।’ দেশে ফেরার পর ফেলানীর বাবা জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিএসএফের বিশেষ আদালতে তিনি ও ফেলানীর মামা সাক্ষ্য দেন।