সাক্ষ্য দিয়েছেন আরও চারজন সাক্ষীদের জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের ঘটনায় রেকর্ড উইংয়ের সদস্যদের বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার আরও চার জওয়ান সাক্ষ্য দিয়েছেন। মামলায় এ পর্যন্ত ২২ জন সাক্ষ্য দিলেন।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এ এক সপ্তাহ ধরে এ মামলার মোট ১১১ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।গতকাল সকাল নয়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আগের দিনের সাক্ষী নায়েক সহকারী নোমান মোহাম্মদ আবদুল মান্নানকে জেরা করেন ১০ জন আসামি। এর পর সাক্ষ্য দেন নায়েক সহকারী হাবিবুর রহমান, নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম। সাক্ষীদের জেরা করেন ৩২ জন আসামি।মামলার সব আসামিকে সকাল নয়টার আগেই কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। তাঁদের মধ্যে পাঁচজন সিআইডির তদন্ত করা মামলারও আসামি। ৪৬ জন ছিলেন ডান্ডাবেড়ি পরা। দুপুর একটায় আদালতের কার্যক্রম আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাঁকে সহযোগিতা করেন বিডিআরের লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন মোস্তফা জামান ইসলাম। প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।গত ২৫ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। আসামিদের বিরুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচনা, উসকানিমূলক বক্তব্য, প্রচারপত্র বিতরণ করা এবং বিদ্রোহ নিয়ন্ত্রণে ভূমিকা না রাখা ও অধীনদের নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়।