বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। এ মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন আসামি। গতকাল খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আর তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হয়।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গতকাল বগুড়ার নন্দী গ্রামের ভূমি উপসহকারী জাহাঙ্গীর আলম ও সিরাজগঞ্জ চৌহানির ভূমি জরিপকারী আবদুল মমিন মণ্ডল সাক্ষ্য দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, বগুড়ায় ট্রাস্টের নামে জায়গা কিনে সেখানে স্থাপনা করার কথা বলা হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই বলে গতকাল সাক্ষীরা আদালতকে জানান। গত ১৭ আগস্ট সাক্ষী প্রাইম ব্যাংকের কর্মকর্তা রিফাত হোসেন ও মোল্লা ফরিদ আহমেদ সাক্ষ্য দিয়েছিলেন। গতকাল খালেদা জিয়া বাদে বাকি পাঁচ আসামির পক্ষে জেরা করেন আইনজীবীরা। গতকাল পর্যন্ত এ মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।