বহুমাত্রিক লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় ইতিমধ্যে সাক্ষ্য দেওয়া এক সাক্ষীকে গতকাল বুধবার দ্বিতীয় দফায় ডাকা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, ভুলে ওই সাক্ষীকে ডাকা হয়েছে।
গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এ মামলার বিচারকাজ দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। ওই সাক্ষী বলেছেন, এ মামলা পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে আরও যত্নশীল হতে হবে।
আদালত সূত্র জানায়, গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের সমন পেয়ে গতকাল সাক্ষ্য দিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক শরিফুল হাসান। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত গত ২২ সেপ্টেম্বর শরিফুল হাসানসহ কয়েকজনকে গতকাল সাক্ষ্য দেওয়ার জন্য সমন দেন। কিন্তু শরিফুল হাসান ২০১৩ সালের ১১ জুলাই এ মামলায় সাক্ষ্য দেন। তাঁকে আসামিপক্ষের জেরাও সম্পন্ন হয়েছে। ওই একই দিনে সাক্ষ্য দিয়েছিলেন হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ।
সমন পেয়ে গতকাল সকালে শরিফুল হাসান আদালতে হাজির হন। তিনি সাংবাদিকদের জানান, আদালতে যাওয়ার পর তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট আদালতের পেশকারকে সমন পাওয়ার এবং ইতিমধ্যে সাক্ষ্য দেওয়ার বিষয়টি জানান। আইনজীবীরা তাঁকে অপেক্ষা করতে বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাঁকে জানান, তিনি আগে সাক্ষ্য দেওয়ায় তাঁকে আর সাক্ষ্য দিতে হবে না। ভুলে তাঁকে সমন দেওয়া হয়েছে। তিনি চলে যেতে পারেন।
শরিফুল হাসান বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ মামলায় সরকারি কৌঁসুলিদের আরও যত্নশীল হওয়া উচিত।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বছির উদ্দিন ও সংশ্লিষ্ট আদালতের পেশকার ফয়েজ আহমেদ বলেন, ভুলে শরিফুল হাসানকে ওই সমন দেওয়া হয়েছে।
এ মামলায় কারাগারে আটক চার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সূরা সদস্য মিজানুর রহমান, আনোয়ার আলম, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও হাফিজ মাহমুদকে গতকাল আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামি নুর মোহাম্মদ ওরফে সাবু পলাতক। এ মামলায় এ পর্যন্ত ৩১ জন সাক্ষ্য দিয়েছেন।
হুমায়ুন আজাদ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে বাংলা একাডেমি থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির এ ব্যাপারে রমনা থানায় এ মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি দেশে ফেরেন। পরে ওই বছরেরই ১১ আগস্ট জার্মানিতে তিনি মারা যান। ওই মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়।