ঝালকাঠি সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে কহিনুর বেগম (২৮) নামে এক নারী খুন হয়েছেন। রাতে উপজেলার গরংগল গ্রামের বাড়ির পেছন থেকে তাঁর বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ।গতকাল বুধবার কহিনুরকে ধর্ষণচেষ্টার বিরুদ্ধে একটি মামলায় তাঁর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। কহিনুর মৃত আবদুল রফেজ উদ্দিন হাওলাদারের মেয়ে। আটক ব্যক্তিরা হলেন: মুনসুর হাওলাদার, সিদ্দিক হাওলাদার, জলিল হাওলাদার ও খলিল হাওলাদার। তবে জলিল হাওলাদার ও খলিল হাওলাদার কহিনুরের আপন ভাই। এ ঘটনায় নিহতের মা ছালেহা বেগম গতকাল বুধবার একটি হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়, পাঁচ বছর আগে উপজেলার রাজপাশা গ্রামের আফজাল হোসেনের সঙ্গে কহিনুরের বিয়ে হয়। ছয় মাস আগে স্বামী তাঁকে তালাক দেন। তালাকের পর কহিনুর মায়ের সঙ্গে থাকতেন। গত ২৪ অক্টোবর কহিনুরের মুখে গামছা বেঁধে স্থানীয় লম্পট দেলোয়ার হোসেন ও বাবুল ফকির ধর্ষণের চেষ্টা চালায়। কহিনুরের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। এ ব্যাপারে কহিনুর ধর্ষণচেষ্টার অভিযোগে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক ফারুক আহমদ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীকে অভিযোগের তদন্ত করে ২০১২ সালের ৩০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ইসরাত জাহান আসামিপক্ষ ও কহিনুরকে ৪ জানুয়ারি সকাল ১০টায় সাক্ষীপ্রমাণসহ পরিষদের কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ছালেহাকে প্রতিবেশী জয়নাল মুহুরির স্ত্রী সাজেদা বেগম পাশের বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় কহিনুর বাড়িতে একা ছিলেন। আধা ঘণ্টা পর তিনি খবর পান বাড়ির পেছনের একটি বাগানে কহিনুরের বিবস্ত্র লাশ পাওয়া গেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে রাতে কহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ। এজাহারে আরও বলা হয়, ধর্ষণচেষ্টার মামলার কারণে পরিকল্পিতভাবে দেলোয়ার ও বাবুল ফকির কহিনুরকে হত্যা করেছে। নিহত কহিনুরের ছোট বোন লিপি বেগম বলেন, ‘দুই লম্পটের বিরুদ্ধে মামলা করার পর থেকেই আমার বোনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশ তাদের গ্রেপ্তার না করে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার দুই ভাইকে আটক করেছে।’ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল কবির প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ক্লু পেয়েছি। তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের আপন দুই ভাইসহ চারজনকে আটক করেছি। ভাইদের সঙ্গে কহিনুরের সম্পর্ক ভালো ছিল না, তাই হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ধারণা করছি, হত্যার পূর্বে কহিনুরকে ধর্ষণ করা হয়েছিল।’