২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা পাকিস্তানি নাগরিক আবদুল মাজেদ ভাটের তত্কালীন স্ত্রী নাহিদ লাইলার সাক্ষ্য বাতিল চেয়ে করা আবেদন পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাজেদ ভাটের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
পর্যবেক্ষণে বলা হয়, সাক্ষ্য আইনের ১২২ ধারা অনুসারে সাক্ষীর (নাহিদ) সাক্ষ্য বিবেচনা করতে হবে। আইনের বিধান অনুসারে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ (কথোপকথন ও বার্তা বিনিময়) এবং পরবর্তী সময় বিবাহবিচ্ছেদ হলেও তা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে না। তবে আসামিদের বিষয়ে অন্যান্য তথ্য যা অপরাধের সঙ্গে সম্পর্কিত, তা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।
আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর নাহিদ লাইলা বিচারিক আদাতে সাক্ষ্য দেন। নাহিদ ওই মামলার ৭৩ নম্বর সাক্ষী। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে মাজেদ আবেদন করলে তা খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মাজেদ ভাট। এ আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি শেষে আজ আদালত আদেশ দেন।
আদালতে মাজেদ ভাটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে প্রথম আলোকে বলেন, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় আসামি মাজেদ তাঁর তত্কালীন স্ত্রী নাহিদের কাছে যেসব কথা বলেছেন তা প্রকাশ করে আদালতে সাক্ষী দেওয়া যাবে না ও তা গ্রহণযোগ্য হবে না। তবে নাহিদের অন্যান্য সাক্ষ্য বিবেচনায় নেওয়া যাবে বলে পর্যবেক্ষণ দিয়ে আদালত আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে ওই সাক্ষী থাকবে ও মামলার কার্যক্রম চলবে।
আইনজীবী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী মাজেদ ভাটের বিরুদ্ধে তাঁর তত্কালীন স্ত্রী নাহিদ লাইলা সাক্ষ্য দিতে পারেন না বলে সাক্ষ্য বাতিল চেয়ে আবেদন করা হয়। আদালত পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ দলটির শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন বর্তমানে পলাতক।