সাক্ষ্য শেষ, আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী নিবারন চন্দ্র বর্মনের সাক্ষ্য-জেরা সমাপ্ত হয়েছে।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ ডিবির পরিদর্শক নিবারন চন্দ্র বর্মনকে আসামিপক্ষে জেরা করা হয়। এরপর রাষ্ট্রপক্ষে আর অন্য কোনো সাক্ষী না থাকায় আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।
পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহাবুর রহমান প্রথম আলোকে বলেন, ১৫ ডিসেম্বর এ মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন সাক্ষ্য দেন। গতকাল তাঁর সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
এ ছাড়া মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা মাইনুল ইসলামকে পুনরায় ডাকার জন্য একটি আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি হয়নি। আদালত বলেছেন, প্রয়োজন হলে ওই আবেদন মঞ্জুর করা হবে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মোশাররফ হোসেন, ফারুক আহমেদ প্রমুখ আইনজীবী।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীর কালশীর পলাশনগরে বাসার সামনে রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়।
গত বছরের ২৯ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় ডিবি। এতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আটজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মুফতি জসীম উদ্দিন রাহামানী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা। এদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক। বাকিরা কারাগারে।