সাক্ষ্য শেষ পরবর্তী শুনানি ১৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত যুবদল কর্মী আজাদ হত্যা মামলায় সাক্ষ্য ক্লোজড (বন্ধ) করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ আদেশ দেন। পরে আদালত ১৮ নভেম্বর আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষার জন্য দিন ধার্য রাখেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। সর্বশেষ গতকাল নিহত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক আবদুল হাইও সাক্ষ্য দিয়েছেন। তাই সাক্ষ্য সমাপ্তির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১ অক্টোবর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য সমাপ্তির আবেদন করলে তা নাকচ করে দিয়েছিলেন বিচারক।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ১০ আসামির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সেলিম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলাটি বিচারের জন্য এলেও উচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল মামলার কার্যক্রম।