সাক্ষ্যগ্রহণ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত আছে।
গতকাল বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার একজন সাক্ষী সাক্ষ্য দেন। আগামী ১৩ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সাঈদ শিমুল সাক্ষ্য দেন। সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন, আহসান কবীর বেঙ্গল, সাহাব উদ্দিন, সাইফুল্লাহ রাসেল।
গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ইতিমধ্যে মামলার বাদীসহ ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, গতকাল ফেনী কারাগারে থাকা ৩৪ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৬ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার ১৫ জন আসামি কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।