সাক্ষ্যগ্রহণ শেষ, বুধবার পরবর্তী শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আলোচিত শিশু রাকিব (১২) হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। শেষ দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী তিনজন।
খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা তিন আসামির সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে ৪০ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আগামী বুধবার (২৮ অক্টোবর) শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে একটা থেকে পৌনে তিনটা পর্যন্ত তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাঁরা হলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ, রাকিবের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ওয়াহিদ মাহমুদ রবিন ও গুড হেলথ ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোলদার। গুরুতর আহত রাকিবকে এই ক্লিনিকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। ২৮ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের তাঁদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনানো হবে এবং তাদের কিছু বলার আছে কি না বা সাফাই সাক্ষী দেবেন কি না, তা জিজ্ঞাসা করা হবে।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনে ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল আরও তিনজনের সাক্ষ্য নিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
ময়নাতদন্তকারী কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ আদালতে বলেন, কমপ্রেসর দিয়ে হওয়ার ঢোকানোর কারণে রাকিবের মলদ্বার ফেটে যায়। সেই রক্ত ছড়িয়ে পড়ে গলা পর্যন্ত।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তাক আহম্মদ আদালতকে বলেন, ‘শুধু কাজ ছেড়ে দেওয়ার অপরাধে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কমপ্রেসর মেশিন দিয়ে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে রাকিবকে মেরে ফেলে অপরাধ জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আসামিরা। বাংলাদেশের মানুষ এটিকে শতাব্দীর নৃশংস হত্যাকাণ্ড হিসেবে ঘৃণাভরে মনে রাখবে।’
খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের মোটরসাইকেলের এক গ্যারেজে ৩ আগস্ট নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়। ওই দিন বিকেলে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল ঢুকিয়ে তার মলদ্বার দিয়ে বাতাস ঢোকালে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।