সাক্ষ্যে ঘটনার বর্ণনা দিলেন দুই র‍্যাব সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আরও দুই সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে র‍্যাব-১১-তে কর্মরত করপোরাল জাহাঙ্গীর আলম ও র‍্যাব-১১-এর সাবেক সদস্য পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ গোলদার সাক্ষ্য দেন। পলাশ গোলদার বর্তমানে খুলনা সিআইডিতে কর্মরত।
সাক্ষ্য ও জেরা শেষে আদালত ২০ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন এবং মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবর সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে ১২৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬৮ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো।
এসআই পলাশ গোলদার ও করপোরাল জাহাঙ্গীর আলম আদালতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করেন। পলাশ গোলদার বলেন, ঘটনার দিন ভোরে টহল ডিউটি দিতে ২টি গাড়িতে চড়ে ১২ জন বিভিন্ন পদমর্যাদার র‍্যাব সদস্য বের হন। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের গেটের সামনে চেকপোস্ট বসান। এক সময় র‍্যাব-১১ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম এম রানা দুটি গাড়ি চেকপোস্টের দিকে যাচ্ছে বলে বার্তা দিয়ে তাদের আটকাতে বলেন। তবে মেজর আরিফ আগেই একটি নীল রঙের মাইক্রোবাস দিয়ে প্রাইভেট কার দুটির গতি রোধ করে সঙ্গে থাকা সাদাপোশাকের লোকজনের সহায়তায় সাদা প্রাইভেট কারে থাকা যাত্রীদের তুলে নেন। একই সময় লে. কমান্ডার এম এম রানা কালো রঙের প্রাইভেট কারের যাত্রীদের তাঁর সঙ্গে থাকা রুপালি রঙের মাইক্রোবাসে তুলে নেন।
অন্যদিকে করপোরাল জাহাঙ্গীর হোসেন সাক্ষ্য দেওয়ার সময় জানান, তিনি ২৭ এপ্রিল আদমজী ক্যাম্পে ডিউটি অফিসারের দায়িত্বে থাকার সময় এএসপি মেহেদী ফোন করে জানান, তিনি ফোনে কাউকে পাচ্ছেন না। দ্রুত যেন দুটি গাড়ি শীতলক্ষ্যা নদীর তীরে ঘাটে পাঠানো হয়। জাহাঙ্গীর বলেন, ‘সে মোতাবেক আমি নির্দেশনা দিই।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লার লামাপাড়া এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‍্যাবর সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ৮ ফেব্রুয়ারি এই দুটি মামলায় প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবর সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।